মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
জনবান্ধব, সেবামুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্স। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ২য় ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এ.এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা।"
জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আস্থার সম্পর্ক গড়ার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "জনগণের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে হবে।" এ সময় তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধ পেশাগত কর্মক্ষেত্রে সততার সঙ্গে প্রয়োগ করার জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক এবং ২য় ব্যাচে অংশ নেওয়া পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এই বিশেষ কোর্সে পুলিশের পেশাগত দক্ষতার পাশাপাশি আচরণগত পরিবর্তন ও নৈতিকতার পাঠ প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত