শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক জামায়াত নেতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।
দলত্যাগকারী নেতার নাম মো. দেলোয়ার হোসেন (হরিনাগাড়ী গ্রাম)। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাম্প্রতিক নানা ইস্যুতে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেন এলাকাবাসীর উপস্থিতিতে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করেন। এরপর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে চিরতরে গুটিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে মো. দেলোয়ার হোসেন বলেন, “সাম্প্রতিক এসব ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও লজ্জিত। সংগঠনের একজন দায়িত্বশীল কর্মী হয়েও এই পরিস্থিতি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই সচেতন বিবেকের তাড়নায় আমি জামায়াতের সমস্ত দায়িত্ব ও রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।”
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উপস্থিত একাধিক ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নূরনগর এলাকায় জামায়াতের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সুপরিচিত ছিলেন। তারা এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ সঠিক বিচারের দাবি জানান।
এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, “দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির সাধারণ একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদকের পদে ছিলেন কি না, তা দলীয় রেকর্ড যাচাই না করে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও বিতর্কের সৃষ্টি হলে পুরো জেলা জুড়েই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়। শ্যামনগরের এই ঘটনাটি সেই আলোচনার আগুনে যেন নতুন মাত্রা যোগ করেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত