শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি
“দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে, তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রহিমা খাতুন ও এস এম নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় তালা উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন ও ইউআরসি ইন্সটাক্টর মোঃ ইমান উদ্দীন। ফাইনালে বিতর্কের বিষয় ছিল- ‘দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্থ হওয়ার মূল কারণই দুর্নীতি’। উক্ত প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ ও বিতর্কের বিপক্ষে অংশ নেয় কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। উক্ত প্রতিযোগিতার ফাইনালে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের ফাইনালে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন বিজয়ী দলের বক্তা হিয়া ঘোষ।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত