স্টাফ রিপোটার:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৮২ নম্বর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তানজীম। এ সাফল্যে পরিবার, বিদ্যালয়, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নুসরাত তানজীম উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের প্রধান, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়নাব পারভীনের নাতনি।
তার মা শামিমা সুলতানা ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নানা নুরুল ইসলাম কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা নুসরাত ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছে।
নুসরাত তানজীম জানায়, বড় হয়ে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তার স্বপ্ন। সে তার এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক ও পরিবারের সদস্যদের উৎসাহ ও দিকনির্দেশনাকে সবচেয়ে বড় প্রেরণা হিসেবে উল্লেখ করেছে।
নুসরাতের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা মহিলা বিভাগ এবং কালীগঞ্জ উপজেলা মহিলা বিভাগের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
৮২ নম্বর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বলেন, নুসরাত অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তার এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
নুসরাতের বাবা-মা বলেন, মেয়ের এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা তার স্বপ্নপূরণে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন এবং সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন।
প্রতিবেশীরাও নুসরাতের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তার এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তারা নুসরাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত