বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকায় সংঘটিত একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভা শাখার দায়িত্বশীল নেতাকর্মীদের আসামি করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৮ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভা শাখার সভাপতি রবিউল আলম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২ জুন টেকনাফের নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দুই গ্রুপের অভ্যন্তরীণ সংঘর্ষে শ্রমিকদল নেতা আবদুর রশিদ আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় টেকনাফ পৌরসভা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল ও কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে দাবি করা হয়।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় একটি অভ্যন্তরীণ বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এ মামলা দায়ের করেছে। সংগঠনের মতে, উক্ত ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃত ঘটনা আড়াল করে শান্তিপ্রিয় ও আইনমান্যকারী নাগরিকদের মিথ্যা মামলায় জড়ানো অত্যন্ত দুঃখজনক এবং এটি সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভা শাখা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলায় জড়ানো নির্দোষ নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভা শাখার সভাপতি রবিউল আলম।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত