নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস), দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং একটি ইজিবাইক জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, ২ জুলাই ২০২৬ তারিখে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক ব্যবহার করে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান পাচারের চেষ্টা হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ওই এলাকায় ত্রিমুখী ফাঁদের মাধ্যমে একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে ভোর ৪টার দিকে একটি ইজিবাইক সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যেতে দেখা যায়। অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দিলে তাতে থাকা কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি ফেলে দ্রুত পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, জি-৩ রাইফেলের একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতসমূহ হলো—
- ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস)
- ১টি জি-৩ রাইফেল
- ১টি দেশীয় তৈরি এলজি
- ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন
- ১৩ রাউন্ড গুলি
- ১টি ইজিবাইক
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদক, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত