শাহিনুর ইসলামঃ(বিশেষ) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও দর্শকনন্দিত প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।
শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ঝিকরগাছা উপজেলা সহকারী প্রকৌশলী রিপন মাহমুদের দুর্দান্ত শটে ম্যাচের একমাত্র গোলটি আসে। গোল হজমের পর ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালালেও আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক দল।
ম্যাচ পরিচালনায় ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাবেক রেফারি ইকরামুল হক ইকু। রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না।
খেলায় অংশগ্রহণ করেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রকৌশলী, জাইকা প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি)সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী দিক ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের উপস্থিতি। তিনি মঞ্চে না বসে মাঠে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বসে পুরো খেলা উপভোগ করেন, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওলিয়ার রহমান, ইনস্ট্রাক্টর শিউলি বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএম হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আশফাকুজ্জামান রনি।
ম্যাচটির প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন বিএম হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বাবুল হোসেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং মাঠজুড়ে উপস্থিত দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত