নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা রক্ষায় পরিচালিত পৃথক দুটি অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে এক সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে দুই সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বরকলক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ।
অন্যদিকে, বুধবার (২৪ জুন) সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।
অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এক সশস্ত্র সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গুলি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল সম্প্রদায়ের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক এসব অভিযানের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত