ছাদেক হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যানের চার্জারের সংযোগস্থলে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসিবুল রহমান ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভ্যানচালক সাজিম উদ্দীন বাড়িতে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে তার ব্যাটারিচালিত ভ্যানটি চার্জে দিয়েছিলেন। সকালে শিশু হাসিবুল ভ্যানে লাগানো চার্জারের সংযোগস্থলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান বিশ্বাসও শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাত্র তিন বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত