সাদেক হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন।
এ সময় অসকসের নেতৃবৃন্দ ও সদস্যরা পশু হাসপাতাল প্রাঙ্গণে সফেদাসহ বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন। পরে অসকস কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে অর্জিত দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে ধারণ করে অবসর জীবনেও সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তেই এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
প্রধান অতিথি অধ্যাপক মুক্তার আলী অসকসের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার বলেন, গাছ জাতীয় সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন উদ্যোগের জন্য তিনি অসকসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অসকস কেশবপুর শাখার উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও সকল সদস্যের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত