কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজঃ ৩১৪)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা আগামী ২০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ সভাকে কেন্দ্র করে সংগঠনের সদস্য ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে বিভিন্ন পদপ্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম জোরদার করেছেন।
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শ্রমিক নেতা মো. আব্দুল আজিজ (বাবু)। তিনি জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিক সমাবেশে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনের উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং অধিকার প্রতিষ্ঠায় তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।
শ্রমিক সূত্রে জানা যায়, মো. আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, সততা ও শ্রমিকবান্ধব মনোভাবের কারণে তিনি শ্রমিকদের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি অতীতে টানা তিনবার সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও শ্রমিকদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সভাপতি পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে অনেক শ্রমিক মনে করছেন।
সংগঠনের নেতাকর্মীরা জানান, আসন্ন সাধারণ সভা ও নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, যোগ্য, সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল আজিজ (বাবু) বলেন, “আমি সবসময় শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। শ্রমিক ভাইদের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতেও সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাব।”
এদিকে ত্রি-বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা, মতবিনিময় ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।